আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে পাচারের সময় **৩৭৭ বোতল নিষিদ্ধ মাদক ‘ফেয়ারডিল’**সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার নাইমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মমিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামানোর সংকেত দিলে চালকের আসন থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করে র্যাব সদস্যরা।
পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতরে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন জানান, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-১১ জানিয়েছে, উদ্ধার করা মাদক, ট্রাক ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



