অল ক্রাইমস.টিভি ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে কোনোভাবেই জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়। তাই নারীর অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তরুণ প্রজন্মকে সমতা ও ন্যায়ের মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর নারীদের সহায়তা দিতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে পরিবারের আর্থিক নিরাপত্তা জোরদার হবে এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ আরও বাড়বে।
রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। তাদের সময়েই নারীর শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নানা নীতি ও কর্মসূচি নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনাও গ্রহণ করেছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে নারী দিবস উপলক্ষে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। রাষ্ট্রপতির হাত থেকে তার পক্ষে মরণোত্তর এই সম্মাননা গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের মোট ৩৯ জন নারীর মধ্য থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।
এ সময় বক্তব্য দেন চিকিৎসক জুবাইদ রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ় নেতৃত্ব ও সাহসিকতা দেশের নারীদের জন্য প্রেরণার উৎস। নারী দিবসে তিনি সততা, মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের আদর্শে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসাইন বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বেগম খালেদা জিয়ার সময় থেকেই। সেই ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক দর্শনের ভিত্তিতে নারী উন্নয়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
নারী দিবসের এই আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা অনুষ্ঠানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক নারী অংশ নেন। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও পরিবারের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।



