পরীক্ষামূলক সংস্করণ

ছয় মাস চলে গেছে, বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি’: জামায়াত আমির

বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বগুড়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ বর্তমানে গভীর সংকটের মুখোমুখি। জ্বালানি সংকটের কারণে দেশের শিল্পখাতে মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হলেও ছয় মাসের মধ্যে সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, জ্বালানি সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করতে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। দেশে ও বিদেশে এই খাতে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত ওই টিম সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত ছিল। তবে সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি।

জামায়াত আমির বলেন, সংকট শুরুর পর একের পর এক ছয় মাস চলে গেছে। একটি জাতির ইতিহাসে ছয় মাস ছোট সময় নয়। এ সময়ের মধ্যে সরকারের বিকল্প ব্যবস্থা বের করা প্রয়োজন ছিল। বিরোধী দল বারবার সহযোগিতার আগ্রহ প্রকাশ করলেও সেই সুযোগ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে পরিস্থিতি এতটা জটিল হতো না। প্রস্তাব গ্রহণ না করায় জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলো লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকার শুরুতে বিদ্যুৎ সংকটের বিষয়টি অস্বীকার করেছিল। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেশের অর্থনীতি ও শিল্পখাতে নেতিবাচক প্রভাব ফেলছে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে ছিলেন। কিন্তু সরকার ক্ষমতা গ্রহণের পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে। এর মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বগুড়া উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। একসময় বগুড়াকে ‘মিনি শিল্পনগরী’ বলা হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও জেলায় কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি।

তিনি বলেন, বগুড়া শিক্ষা নগরী হিসেবে পরিচিত হলেও সে অনুযায়ী জেলার উন্নয়ন হয়নি। বিভিন্ন সড়কের বেহাল দশা দীর্ঘদিনের। শিল্প, শিক্ষা ও যোগাযোগ—কোনো ক্ষেত্রেই বগুড়া তার সম্ভাবনার যথাযথ সুফল পাচ্ছে না।

মতবিনিময় সভায় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আসছে...