চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন এবং আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮৩ জনে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) এবং অন্যজন এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলেন।
সিএমসিএইচে মারা যাওয়া অর্পিতার বয়স ২৬ বছর। কোতোয়ালি এলাকার বাসিন্দা অর্পিতা ১০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ১১ সেপ্টেম্বর মারা যান। পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মাল্টিপল অর্গান ফেইলিউর (এমওএফ), ডিআইসি, সেপসিস ও আইইউডিসহ এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে, এভারকেয়ার হাসপাতালে মারা যাওয়া শামসুন নাহার খানমের বয়স ৫০ বছর। আগ্রাবাদ হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা শামসুন নাহার ১১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর সেদিনই মারা যান। হাসপাতালে ভর্তির আগে করা পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছিল। চিকিৎসকদের প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর, হাইপোভোলেমিক শক, এআরডিএস ও টাইপ-১ রেসপিরেটরি ফেইলিউরের কথা উল্লেখ করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২১০ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিএমসিএইচে ১০৫, বিআইটিআইডিতে ৩৫, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭, সিএমএইচে ৪, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ২৫ জন রয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত সরকারি হাসপাতালে ২ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৪২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৭৩ জন।
এদিকে, চট্টগ্রামে হাম পরিস্থিতিও অব্যাহত রয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের ১৩ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর সন্দেহভাজন হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৮২ জনে।
চলতি বছর এ পর্যন্ত ৭৪৩ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪৮৬ জন এবং ১৫ উপজেলায় ২৫৭ জন শনাক্ত হয়েছেন। সন্দেহভাজন হামে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরে ১৩ জন এবং উপজেলায় দুজন।



