আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন কলকাতার মাছ আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে।
চিঠিতে ভারতীয় আমদানিকারকরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করা হতো। তবে ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ ইলিশ রপ্তানি নিষিদ্ধ করার পর থেকে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।
২০১৯ সাল থেকে দুর্গাপূজার সময় প্রতি বছর এক মাসের জন্য বিশেষ অনুমতি দেওয়া হলেও তা ব্যবসায়িকভাবে যথেষ্ট নয় বলে দাবি করেছে সংগঠনটি। দুই বাংলার অভিন্ন সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের কথা তুলে ধরে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ারও অনুরোধ জানিয়েছে তারা।
এদিকে ভারতের পাশাপাশি দেশের ১৮টি ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানও ভারতে ইলিশ পাঠানোর অনুমতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে। তারা অন্তত দুই মাস অথবা সারা বছর রপ্তানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।
তবে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হবে কি না, তা নির্ভর করছে দেশের বাজারে ইলিশের দাম ও সরবরাহ পরিস্থিতির ওপর। রপ্তানিকারকদের আবেদন পাওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয় দেশের বাজার পরিস্থিতি সম্পর্কে মতামত চেয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে।
এর আগে গত বছর বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত রপ্তানি হয়েছিল মাত্র ১৫০ টন। এবারও দেশের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে সরকার ভারতের ইলিশের আবেদনে সাড়া দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।



