নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চর ভবনাথপুর এলাকায় ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাক আহম্মেদ ও বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞাও রয়েছে।
মোস্তাক আহম্মেদের দাবি, শনিবার দুপুরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মোস্তাক আহম্মেদ, তাঁর ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুলসহ কয়েকজন আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মোস্তাক আহম্মেদ অভিযোগ করেন, হামলার সময় তাঁর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁদের পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করে আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন বকুল মিয়া। তাঁর দাবি, সংঘর্ষে তাঁদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তাঁর ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ডেন্টাল ক্লিনিকে নেওয়া হচ্ছে।
বকুল মিয়া জানান, এ ঘটনায় তাঁরাও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, জমি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সময় দেওয়া হলেও তা না মেনে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয় পক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



