চাঁদপুরের কচুয়ায় স্বামীর মারধর ও লাথির আঘাতে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী মো. মাহমুদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সালমার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা কুলসুমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ৩০২ ধারায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের মার্চে মাহমুদুল হাসানের সঙ্গে সালমার বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১০ সেপ্টেম্বর বিকেলে পরকীয়ার সন্দেহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহমুদুল সালমাকে মারধর করেন এবং তার তলপেটে লাথি মারেন।
পরদিন ১১ সেপ্টেম্বর সালমার তীব্র পেটব্যথা শুরু হলে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পর প্রাথমিক অনুসন্ধান ও গোপন তথ্যের ভিত্তিতে মাহমুদুল হাসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার এসআই মো. রুবেল সরকার বলেন, প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সঙ্গে মাহমুদুল হাসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।



