রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা বিভাগ মিলে মোট ৬২৯ জনকে গ্রেপ্তার করেছে।
এর মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মিরপুর বিভাগ ২০৩ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ ১২ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, মোবাইল ফোন, যানবাহন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা এবং ১০৬ গ্রাম হেরোইন।
এ ছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ইয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং ৩২টি রেডবল কার্তুজ জব্দ করা হয়েছে।
অভিযানে ৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট এবং একটি সাদা বোতলের অ্যালকোহলও জব্দ করা হয়।
এ ছাড়া একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড এবং একটি চাপাতি জব্দ করা হয়েছে।
অভিযানে নগদ ১ লাখ ৮ হাজার ২২০ টাকাও জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



