পরীক্ষামূলক সংস্করণ

মেধা দিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান ঢাকার ডিসির

মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না, মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরিদা খানম বলেন, ‘মেধাবী হয়ে শুধু বিদেশে পাড়ি দিলেই হবে না। বিদেশে গিয়ে কেবল নিজের ভবিষ্যৎ গড়লেই চলবে না, মেধা দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের হতে হবে দেশ গড়ার কারিগর।’

জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন কার্যালয়গুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারীদের সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর মোট ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘আজকের এই জিপিএ-৫ পাওয়া তোমাদের জীবনের শেষ গন্তব্য নয়; এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক মাত্র। তোমাদের লক্ষ্য হতে হবে আরো বড়।’

শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি ড. এফ আর খান, জাওয়েদ করিম, সালমান খান, ড. আতাউল করিম, ড. জাহিদ হাসান ও তাহমিমা আনামের মতো আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশিদের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘তারা প্রমাণ করেছেন বাংলাদেশি মেধার কোনো সীমা নেই। তবে শুধু অন্যদের সাফল্যের গল্প পড়লেই হবে না, তোমরাই একদিন নতুন সাফল্যের গল্প লিখবে।’

ভবিষ্যতের বাংলাদেশের কথা তুলে ধরে ফরিদা খানম বলেন, একসময় বিশ্ব শুধু বাংলাদেশি মেধাবীদের নামই জানবে না, বাংলাদেশি প্রতিষ্ঠান, প্রযুক্তি ও ব্র্যান্ডের নামও জানবে।

শিক্ষার্থীদের এমন বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ নিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাবে।

বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘তোমরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি সৃষ্টি করবে। শুধু প্রযুক্তি ব্যবহার করবে না, প্রযুক্তি তৈরি করবে। বিদেশি ব্র্যান্ড ব্যবহারের পাশাপাশি নিজেদের ব্র্যান্ডকেও বিশ্বদরবারে পরিচিত করে তুলবে।’

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান জেলা প্রশাসক। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) শামীমা সুলতানা, স্টাফ অফিসার টু ডিসি মো. ইসরাফিল জাহান এবং কৃতী শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

প্রধান খবর

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আসছে...