আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, নিষিদ্ধ হয়ে যাওয়া দলটির নেতারা আর দেশে ফেরার সুযোগ পাবেন না এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
সোমবার সকালে সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কোনো সদস্য আর অবশিষ্ট নেই।
দেশের চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বিরোধী দল জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। তার ভাষ্য, গ্যাস ও বিদ্যুতের ঘাটতি এখন জাতীয় সমস্যা। এ সংকট সমাধানে সরকার ও বিরোধী দলগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন।
তবে জামায়াত সংকট সমাধানে সহযোগিতা না করে লং মার্চের নামে রাজনৈতিক কর্মসূচি করছে বলে অভিযোগ করেন রাশেদ খান। তিনি দাবি করেন, অতীতের মতো বর্তমান জ্বালানি সংকটকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে একটি পক্ষকে মাঠে নামার সুযোগ করে দেওয়া হচ্ছে।
রাশেদ খান আরও অভিযোগ করেন, জামায়াতের নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুরুত্ব না দিয়ে সাইবার কার্যক্রমের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের চরিত্রহননের চেষ্টা করছেন।
সার সংকট ও কৃষকদের দুর্ভোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশে প্রকৃতপক্ষে সারের ঘাটতি নেই। তার অভিযোগ, আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া কিছু অসাধু ডিলার কৃত্রিমভাবে গুদামে সার মজুদ করে সংকট তৈরি করছেন।
তিনি বলেন, সরকার এসব ডিলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এবং সার সরবরাহের পুরো কাঠামো পুনর্গঠন করবে। একই সঙ্গে সংকট চলাকালে কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল ১০টায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। সভায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



