চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের সন্ধান দিতে জনগণের সহযোগিতা চেয়েছে র্যাব। অস্ত্রের তথ্য দিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করলে গোপনে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের চান্দগাঁওয়ে র্যাব-৭-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
র্যাব-৭-এর অধিনায়ক জানান, চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্রের প্রায় ৮৪ শতাংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি ১৬ শতাংশ অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সমাজের জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র্যাবের নেতৃত্বে বিশেষ কার্যক্রম নেওয়া হয়েছে। কারও কাছে এমন অস্ত্র থাকলে তা র্যাবের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
র্যাব কর্মকর্তা আরও বলেন, যাদের কাছে অস্ত্র রয়েছে, তারা সবাই অপরাধী নন। বিভিন্ন পরিস্থিতিতে অনেকের কাছে অস্ত্র চলে আসতে পারে। অস্ত্র কোথায় বা কীভাবে জমা দেবেন, তা নিয়ে কেউ ভয় পেতে পারেন। তাদের জন্য এটি একটি সুযোগ। গোপনে অস্ত্রের তথ্য দিলে কিংবা অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে পুরস্কার দেওয়া হবে।
পরিত্যক্ত অবস্থায় কোনো অস্ত্র পাওয়া গেলে সেটি নিজে বহন না করে র্যাবকে জানানোর অনুরোধ করেছেন তিনি। তথ্য পাওয়ার পর র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করবেন বলেও জানান র্যাব-৭-এর অধিনায়ক।
জঙ্গল সলিমপুর প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, এলাকাটি র্যাবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগের বিষয়। সেখানে যৌথবাহিনীর ক্যাম্প স্থাপনের পর থেকে উল্লেখযোগ্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি।



