আসন্ন ২০২৬ ব্যালন ডি’অরকে সামনে রেখে তরুণ তারকা লামিন ইয়ামালের পক্ষে জোরালোভাবে প্রচারণায় নামছে বার্সেলোনা। স্প্যানিশ এই উইঙ্গারকে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার হিসেবে তুলে ধরতে বড় ধরনের জনসংযোগ ও প্রচারকৌশল হাতে নিচ্ছে কাতালান ক্লাবটি।
জনপ্রিয় স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিংগিতো দে জুগোনেস’-এ সাংবাদিক হোসে আলভারেজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর বয়সী ইয়ামালের পক্ষে জনমত ও বিশ্ব ফুটবলে সমর্থন জোরালো করতে বার্সেলোনা বোর্ডের উচ্চপর্যায় থেকে বেশ কিছু কৌশলগত উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই বার্সেলোনার শীর্ষ কর্মকর্তা, কোচ এবং প্রভাবশালী ব্যক্তিরা ইয়ামালের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানানো শুরু করবেন। এর মাধ্যমে ব্যালন ডি’অরের দৌড়ে ইয়ামালের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করবে ক্লাবটি।
২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম আগামী ২৬ অক্টোবর সোমবার ইংল্যান্ডের লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে।



