ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সংসদ সদস্য রুমিন ফারহানার সমর্থকদের ওপর উপজেলা বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ও সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব।
জানা গেছে, আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় আশুগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুমিন ফারহানার উপস্থিত থাকার কথা রয়েছে।
বুধবার দুপুরে মিলনায়তন বরাদ্দসহ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে জানতে উপজেলা পরিষদে যান আতাউর রহমান ও রাসেল বিপ্লব। ইউএনওর কক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে দেখতে পেয়ে তারা ভেতরে প্রবেশ করেননি।
পরে উপজেলা পরিষদের নিচে নিজেদের মধ্যে কথা বলার সময় বিএনপির কয়েকজন সমর্থক তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আহতরা। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেন।
রাসেল বিপ্লব অভিযোগ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। রুমিন ফারহানা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বিরোধ চলছে বলেও দাবি করেন তিনি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তার দাবি, মাদকের বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রুমিন ফারহানা সংসদ সদস্য হওয়ায় তিনি চাইলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা যাবে।



