চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহিদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান। সেখানে তিনি জেসমিন আকতারের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থার খোঁজ নেন।
হাসপাতালের চিকিৎসকরা জেসমিনের চিকিৎসার বিষয়ে প্রতিনিধিদলকে বিভিন্ন তথ্য দেন এবং তার অবস্থার উন্নতির কথা জানান।
এর আগে ২৫ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, জেসমিন আকতার ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে শহিদ হন জুবায়ের হোসেন। তার একমাত্র বোন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেন টিউমারে আক্রান্ত হন।



