ঝিনাইদহের মহেশপুরে ঘরে রাখা গাঁজা ফেলে দেওয়ায় মাকে মারধরের অভিযোগে মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা ভগবতিতলা গ্রামে এ ঘটনা ঘটে। মনিরুল ইসলাম ওই গ্রামের গনজের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মনিরুল সামন্তা বাজার থেকে প্রায় ৬০০ টাকার গাঁজা কিনে এনে নিজের ঘরের একটি ড্রয়ারে লুকিয়ে রাখেন। বিষয়টি জানতে পেরে তার মা আমিনা খাতুন গাঁজার প্যাকেটটি ড্রয়ার থেকে নিয়ে টয়লেটে ফেলে দেন।
পরে রাত আনুমানিক ১টার দিকে ড্রয়ারে গাঁজা না পেয়ে মনিরুল ক্ষিপ্ত হয়ে তার মাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি ঘরের ভেতরে থাকা পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন। এতে কোরআন শরীফের কয়েকটি পৃষ্ঠা পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে মহেশপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মনিরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ঘটনার পর মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।



