দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতদের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত একদিনে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের মধ্যে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে সন্দেহজনক ও নিশ্চিত আক্রান্ত, হাসপাতালে ভর্তি, সুস্থতা এবং মৃত্যুর তথ্য প্রকাশ করছে।



