খুলনায় নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় মো. হাসনাত হাবিব রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসআরবি-৮-এর সহযোগিতায় পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিফাত সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাতি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের ১৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এসআরবি জানায়, গ্রেপ্তার রিফাত জিজ্ঞাসাবাদে ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলির একটি ছাত্রাবাসের ছাদে নিয়ে আজমুল হোসেনকে মারধরের অভিযোগ ওঠে। এ সময় তার চুল কেটে দেওয়া হয়। পরে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



