ফেনীর ফুলগাজীতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও তৎকালীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পোড়ানোর ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হাজী জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হাজী জামাল উদ্দিন (৬৬) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সহ-সভাপতি ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। পুলিশ তাকে ২০১৮ সালের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।
ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম জানান, ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘনিয়ামোড়া এলাকার নিজ বাড়ি থেকে হাজী জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৭ নভেম্বর দরবারপুর এলাকার বিএনপি নেতা আব্দুল কাদের জিলানী বাদী হয়ে ফুলগাজী থানায় মামলাটি করেন। মামলায় ১৫৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
তবে মামলার বাদী আব্দুল কাদের জিলানী দাবি করেছেন, গ্রেপ্তার হাজী জামাল উদ্দিনকে তিনি চেনেন না এবং তাকে কখনো দেখেননি।
হাজী জামাল উদ্দিন এর আগে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হন। এছাড়া তিনি ফেনী জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।



