পরীক্ষামূলক সংস্করণ

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, আরেক আসামি গ্রেফতার

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদা না পেয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীর গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মো. শাকিল মোবারক।
মঙ্গলবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি)-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শাকিল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের ব্রাদার্স এলপিজি ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১১ সেপ্টেম্বর একই মামলায় শাকিলের বড় ভাই ও প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছিল পুলিশ।
ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে দেলোয়ার পেট্রলের বোতল নিয়ে উত্তর তেমুহনী এলাকার কালীবাজার সড়কে ফুড কেমিক্যাল ব্যবসায়ী শাহেদ আলমের দোকানে প্রবেশ করেন। এ সময় শাহেদের পাশে বসে থাকা স্থানীয় ব্যবসায়ী কৃষ্ণ পালের গায়ে পেট্রল ঢেলে দেলোয়ার আগুন দেওয়ার চেষ্টা করেন।
মামলার বাদী ও ব্যবসায়ী শাহেদ আলমের ভাষ্যমতে, ঘটনার দিন দেলোয়ার তার দোকানে এসে মালামালের ওপর পেট্রল ছিটিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তার পাশে বসা ব্যবসায়ী কৃষ্ণ পালের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অপচেষ্টা চালানো হয় এবং তাকে মারধর করা হয়। এ সময় দোকানের কর্মচারী সোহাগ ও আশপাশের লোকজন বাধা দিতে গেলে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর রাতে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দেলোয়ারকে প্রধান আসামি এবং শাকিল ও মুন্নাকে অন্য আসামিদের অন্তর্ভুক্ত করা হয়। এসআরবি-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেফতারকৃত শাকিলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

ইরান কখনো মাথা নত করবে না

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির মুখে তেহরান কখনোই মাথা নত করবে না। সমান মর্যাদার কূটনীতিতে রাজি থাকলেও কোনো হুমকি ইরান মেনে নেবে না।

বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি

রাষ্ট্রীয় বিমান পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি নতুন উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করছে। নিউইয়র্কে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিমানের বহরে বোয়িং থেকে উড়োজাহাজ সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে করা চার মামলায় ফুডপান্ডার বাংলাদেশের এমডিসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলাগুলোতে পান্ডামার্টে পণ্য সরবরাহের প্রায় ১ কোটি টাকা বকেয়া রাখার অভিযোগ রয়েছে।

আসছে...