লক্ষ্মীপুরের রায়পুরে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামে দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার পথে তারা পৃথকভাবে নিখোঁজ হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। সেও রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে দুই শিক্ষার্থীর পরিবার রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবি ও তথ্য দিয়ে সন্ধান পেতে সহযোগিতা চেয়েছেন স্বজনরা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থীর নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।



