দেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি রাজপথে নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই অধিকার অব্যাহত রাখার কথাও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, গণতন্ত্র ও ভোটের অধিকার নষ্ট করার জন্য ষড়যন্ত্র চলছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, ভোটের অধিকার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
নৈরাজ্য ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের কথাও বলেন তিনি। এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না বলেও জানান।
এর আগে দুপুরে কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



