বাংলাদেশের মানুষকে দক্ষ করে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে এবং সরকারের লক্ষ্য অনুযায়ী ১ কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, কোন দেশে কী ধরনের কাজের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করে সেই অনুযায়ী কর্মী পাঠানো হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের চাহিদা বিবেচনায় নিয়ে কর্মীদের প্রস্তুত করা হচ্ছে।
বিদেশে যেতে গিয়ে দালালদের মাধ্যমে প্রতারিত হওয়ার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিদেশে যেতে গিয়ে অনেক মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে প্রবাসী কর্মীদের বিদেশগমন প্রক্রিয়া সহজ করার জন্যও কাজ করা হচ্ছে।
দালালদের দৌরাত্ম্য কমাতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্যক্রম অনলাইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া জনশক্তি নিয়োগকারী এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় স্বীকৃতভাবে সাব-এজেন্সি দেওয়ার সুযোগ রাখা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এর আগে সরকারের বৈদেশিক কর্মসংস্থান পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী পাঁচ বছরে ১ কোটি বাংলাদেশির জন্য বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শ্রমবাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ব্যয় কমানো এবং অভিবাসন সেবা ডিজিটাল করার মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. ইরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ শাখার নেতারা বক্তব্য দেন।



