গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সকালে আবু সাঈদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে প্রতিবেশী নূর হোসেন বেপারীর পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে আবু সাঈদকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পান।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে শিশুটি ডুবে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।



