গাজীপুর নগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে জয়দেবপুর-টঙ্গী আঞ্চলিক সড়কের ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর নগরের হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে জামাল হোসেন (৪৪) এবং অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৬০)।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আব্দুল মোতালেব, আল আমিন ও রুবেল। আহত অপর একজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি টঙ্গী থেকে জয়দেবপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অপর একজনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ফরহাদ হোসেন বলেন, দুর্ঘটনার পর পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, আহত রুবেলকে তাঁর স্বজনেরা ঘটনাস্থল থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।
সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ধীরাশ্রম এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত তিনজনই পুরুষ এবং তাঁরা অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি বলেন, পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকের চালক মোহাম্মদ শহীদ আলী সরমানকে (৩২) আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



