রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইয়ের সময় এক পথচারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী ও আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের সময় এক ব্যক্তি ওই পথচারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থাতেই তিনি অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলেন।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ওই ব্যক্তিকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।
মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত এক ব্যক্তি আরেকজনকে মারধর করছেন। তাঁর শরীর রক্তে ভেজা, পিঠে ছুরির আঘাতের চিহ্ন এবং পরনের জামা ছেঁড়া ছিল। পাশে থাকা আরও কয়েকজনকেও ওই ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, যাকে মারধর করা হয়েছে তাকে ছিনতাইকারী না বলে মাদকসেবী হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে আটক করা হয়েছে। আহত ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আটক ব্যক্তি ও ভুক্তভোগীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।



