পরীক্ষামূলক সংস্করণ

মেঘনায় পড়ে যুবক নিখোঁজ, লঞ্চ ও দুই স্টাফ আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও থানা পুলিশ। এ ঘটনায় এমভি মুকবিল-২ লঞ্চ ও এর দুই স্টাফকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা এমভি মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে এসে ভেড়ে। এ সময় যাত্রীরা লঞ্চ থেকে নামছিলেন। ওই যুবকও লঞ্চ থেকে নামেন।

ঘাটে নামার পর তার মনে পড়ে, ব্যাগটি লঞ্চের ভেতরে রয়ে গেছে। পরে ব্যাগ আনতে তিনি আবার লঞ্চে ওঠেন।

এরপর দ্বিতীয়বার লঞ্চ থেকে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যুবকটি লঞ্চ থেকে নামার প্রস্তুতি নেওয়ার সময় লঞ্চটি হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে। এ সময় তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে মেঘনা নদীতে পড়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি দ্রুত ষাটনল ঘাট ছেড়ে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি আটক করেন। একই সঙ্গে লঞ্চের দুই স্টাফকেও আটক করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি মোহনপুরের দিকে চলে যায়। পরে লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে যুবকটি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় লোকজনও অভিযানে সহযোগিতা করছেন।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের পরিচয় শনাক্তের পাশাপাশি তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। লঞ্চটি কীভাবে ঘাট ছাড়ার সময় পেছনের দিকে চলতে শুরু করল এবং ওই সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান খবর

কাপাসিয়ায় সৌরবিদ্যুৎকেন্দ্র গড়তে চরের ২৩৯ একর খাস জমি চান বিএনপির বহিষ্কৃত নেতা

কাপাসিয়ার শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থল ধাঁধারচরে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২৩৯ একর খাস জমি ইজারা চেয়েছেন সাননোভা এনার্জির পরিচালক কামাল জামান মোল্লা। এতে চরের পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

আসছে...