অল ক্রাইমস. টিভি ডেস্ক
জাতীয় সংসদ ভবন-এর অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের ঠিক উপরের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। নতুনভাবে সংস্কার করা অধিবেশন কক্ষে এই ক্যালিগ্রাফি বসানোর মাধ্যমে একটি নতুন সংযোজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংসদ ভবনের বিভিন্ন অংশে সংস্কার কাজ করা হয়েছে। এই সংস্কারের অংশ হিসেবেই অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশন কক্ষে কালেমা স্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। তার নির্দেশনার পরই অধিবেশন কক্ষের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যেবা—‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’—এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বুধবার সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে দাপ্তরিক কাজ করেন তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সংসদ ভবন থেকেই তার সরকারি কাজকর্ম পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী বিএনপির সংসদীয় দলের বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি, সংসদের কার্যক্রম পরিচালনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



