নেইমারের পর ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সির দায়িত্ব পেলেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া। নতুন বিশ্বকাপ চক্রে সেলেসাওদের হয়ে গুরুত্বপূর্ণ এই জার্সি পরে মাঠে নামবেন তিনি।
অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচ সামনে রেখে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে। সেখানে রাফিনিয়ার নামের পাশে ১০ নম্বর দেখা গেছে। বিষয়টি প্রথম প্রকাশ করে ইএসপিএন।
নেইমার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেছিলেন। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও একই নম্বরে খেলেছেন তিনি। এবার নতুন বিশ্বকাপ চক্রে ঐতিহাসিক এই জার্সির দায়িত্ব রাফিনিয়ার কাঁধে উঠল।
তবে ব্রাজিলের ১০ নম্বর জার্সি রাফিনিয়ার জন্য নতুন নয়। নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরে মাঠে নেমেছিলেন তিনি। যদিও ব্রাজিলের হয়ে অধিকাংশ ম্যাচে ১১ নম্বর জার্সি পরেছেন এই বার্সেলোনা ফরোয়ার্ড।
রাফিনিয়া ১০ নম্বর পাওয়ায় তার পুরোনো ১১ নম্বর জার্সি পেয়েছেন তরুণ তারকা এস্তেভাও। ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন ৭ নম্বর জার্সিতে। আর ৯ নম্বর জার্সির দায়িত্ব পেয়েছেন এনদ্রিক।
নেইমারের মতো একজন তারকার পর ১০ নম্বর জার্সি পাওয়ায় রাফিনিয়ার ওপর প্রত্যাশাও বেড়েছে। ঐতিহাসিক এই জার্সির মর্যাদা ধরে রেখে জাতীয় দলে নিজের প্রভাব আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে।
নতুন চক্রের শুরুতে বাংলাদেশ সময় শুক্রবার বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। দুই দলের দ্বিতীয় ম্যাচ হবে ২৯ সেপ্টেম্বর। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।



