বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি জানিয়েছেন, বঙ্গোপসাগরে আবহাওয়া প্রতিকূল থাকায় ভাসমান দুটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) থেকে এলএনজি খালাসে বৃহস্পতিবার কিছুটা সমস্যা হয়েছিল। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে আবারও এলএনজি খালাস শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার বিকালের মধ্যেই দেশে গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির নির্ধারিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে এবং কমে এলে দ্রুততম সময়ে দেশে জ্বালানির দাম সমন্বয় করে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হবে।
এর আগে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীর জন্য পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। গুরুতর হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের সেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, যশোর জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে আগের সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। অধিকাংশ সিদ্ধান্তের ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে। বাকি কাজগুলো সম্পন্ন করতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াতসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



