পরীক্ষামূলক সংস্করণ

সেজদারত অবস্থায় যুবককে ছুরিকাঘাত, ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও আহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজে সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গিয়ে তার বাবা সাইফুর রহমানও আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ইসলাম ও তার বাবা সাইফুর রহমান পূর্ব বীরগাঁও গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। পরে তাদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ইসলাম ও পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের আহমেদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। কয়েক মাস আগে ওই বিরোধের জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সে সময় নাহিদের পক্ষের লোকজন ইউপি সদস্যের পক্ষের কয়েকজনকে ছুরিকাঘাত করে বলে স্থানীয়রা জানান।

ওই ঘটনায় আহত ব্যক্তিরা দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেন। পরে নাহিদ ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হলে নাহিদ কারাভোগ করেন এবং সম্প্রতি আদালত থেকে জামিনে মুক্ত হন।

স্থানীয়দের ভাষ্য, আগের ওই বিরোধ ও মামলার জের ধরেই শুক্রবার মসজিদের ভেতরে নাহিদের ওপর হামলার ঘটনা ঘটে।

বীরগাঁও গ্রামের বাসিন্দা হোসাইন আহমদ ও মঈনুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জেরেই মসজিদের ভেতরে হামলার ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। কয়েক মাস আগে দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়েছিল এবং ওই ঘটনায় মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। সেই ঘটনার জের ধরে নাহিদের ওপর হামলা হয়েছে বলে তারা জানান। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন।

আহত নাহিদ ইসলামের ভাই হিরু মিয়া অভিযোগ করেন, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবা সাইফুর রহমানের ওপর হামলা চালানো হয়। তার দাবি, স্থানীয় ইউপি সদস্য জুবায়ের মিয়া ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে হামলা করান। হামলায় ইউপি সদস্যের আত্মীয় রেজাউল, আফজল, জুনেল, সেবির ও সুবাদসহ আরও ৭-৮ জন ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য জুবায়ের আহমেদ। তিনি বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। একজন প্রকৌশলীকে সঙ্গে নিয়ে একটি সেতু পরিদর্শনে ছিলেন।

জুবায়ের আহমেদ বলেন, বেশ কিছুদিন আগে নাহিদ একজনকে গুরুতর আঘাত করেছিলেন। এরপরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন। এসব নিয়ে ক্ষোভ থেকেই হামলা হয়েছে বলে তিনি খবর পেয়েছেন বলে জানান।

পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমেদ বলেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের ঘটনায় করা মারামারির মামলায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি আদালত থেকে জামিন পান।

তিনি বলেন, নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে গেলে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন। পরে তাদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, পূর্বের বিরোধের জের ধরে মসজিদের ভেতরে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। আহতদের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

ঘটনার প্রকৃত কারণ ও হামলায় কারা জড়িত ছিলেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

প্রধান খবর

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় অতিরিক্ত আইজিপির নেতৃত্বে স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রাথমিকভাবে বর্তমান জনবল ও সরঞ্জামেই কার্যক্রম শুরু হবে।

হাট-বাজারে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করল সরকার

আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ দিয়ে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ইতিহাসে যুক্ত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরেন।

আসছে...