গাজীপুরের কাপাসিয়া উপজেলার শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মিলনস্থল ধাঁধারচরে ৪৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২৩৯ দশমিক ৫৭ একর জমি দীর্ঘমেয়াদি ইজারা চেয়ে আবেদন করেছেন ব্যবসায়ী কামাল জামান মোল্লা।
গত নির্বাচনে মাদারীপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন হারানো ও পরবর্তীতে দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা ‘সাননোভা এনার্জি ওপিসি’ নামক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে এই সুবিশাল সরকারি খাস জমি চেয়ে আবেদন করেন।
সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ইজারা চাওয়া এই জায়গার মধ্যে নদীর জমি, সিকস্তি ভূমি, নালা, বালুচর এবং বড় একটি অংশজুড়ে নাল বা কৃষি জমি রয়েছে, যা নদী ও পরিবেশগত দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল।
গাজীপুরের জেলা প্রশাসকের কাছে গত ১৬ আগস্ট করা ওই আবেদনে অকৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা, ১৯৯৫-এর আওতায় এই জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।
সাননোভা এনার্জি ওপিসি তাদের আবেদনে দাবি করে যে, এই প্রকল্পের জন্য নেদারল্যান্ডসভিত্তিক বৈশ্বিক বিনিয়োগ নিশ্চিত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও চীনের বিনিয়োগকারীদের সাথে আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে।
উৎপাদিত সৌরবিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করার মাধ্যমে দেশের জ্বালানি ঘাটতি পূরণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং ওই অঞ্চলে ইকো-ট্যুরিজম ও অর্থনৈতিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
তবে পর্যটন ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের বিপুল সম্ভাবনাময় ও সমৃদ্ধ এই চরে বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের খবর ও সরকারি জমি বন্দোবস্তের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পরিবেশবাদীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
কাপাসিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক জানান, দুই নদীর মোহনায় অবস্থিত ধাঁধারচরে লক্ষাধিক বড় গাছপালা রয়েছে এবং আবেদনের প্রেক্ষিতে খাস জমির শ্রেণী ও সার্বিক তথ্য যাচাই করে একটি প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, আইন অনুযায়ী নদী ও নদীসংলগ্ন জমি ‘পাবলিক ট্রাস্ট প্রপার্টি’ হওয়ায় এটি কাউকে বন্দোবস্ত দেওয়ার সুযোগ নেই।
তিনি আরও উল্লেখ করেন যে, ২৫ থেকে ৩০ প্রজাতির পাখি ও নানা লতাগুল্মে সমৃদ্ধ এই প্রাকৃতি প্রতিবেশে বাণিজ্যিক অবকাঠামো নির্মিত হলে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার বদলে এটিকে পরিবেশ গবেষণা ও পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলা উচিত।
বিতর্কিত জমি ইজারা আবেদনের সার্বিক বিষয়ে বক্তব্য জানার জন্য উদ্যোক্তা কামাল জামান মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।



