নেত্রকোনায় নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার খাতুন (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী নুরুল আমিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন নুরুল আমিন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের নগুয়া কুশলগাঁও এলাকায় ঢুকিয়ালী নদীর পাড় থেকে নাজুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধ ও ভরণপোষণের টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত নাজু আক্তার নেত্রকোনা সদর উপজেলার কাটলী এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে। গ্রেপ্তার নুরুল আমিন একই উপজেলার মৌগাতী ইউনিয়নের নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নাজু নিখোঁজ হন। এ ঘটনায় তার ছোট ভাই শুভ (১২) ২২ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে জিডির তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে নুরুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, নাজু ও নুরুল আমিনের প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি ছেলে ও আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। দাম্পত্য কলহের জেরে তাদের মধ্যে একাধিকবার তালাক ও পুনরায় বিয়ের ঘটনা ঘটেছিল।
নাজু তার স্বামীর বিরুদ্ধে ভরণপোষণের মামলা করেছিলেন। এ ছাড়া ধর্ষণের অভিযোগে করা তার একটি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন রয়েছে। নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদে ওই মামলার মীমাংসা নিয়ে পাঁচ লাখ টাকা দাবির কথা উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর রাতে খাটপুড়া সেতুসংলগ্ন এলাকায় টাকা নিয়ে নাজু ও নুরুল আমিনের মধ্যে আবারও বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুল আমিন নাজুকে আঘাত করেন। পরে তাকে হত্যা করে মরদেহ নিজের বাড়ির পাশের ঢুকিয়ালী নদীর পাড়ে নিয়ে মাটিচাপা দেওয়ার কথা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
নুরুল আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শুক্রবার ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে নাজুর মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিখোঁজের ঘটনায় করা জিডির তদন্ত করতে গিয়ে সন্দেহভাজন হিসেবে নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে তথ্য পাওয়ার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



