মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা বর্তমানে পাশের দেশে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, দেশ ছাড়ার কারণ সম্পর্কে তাদের উপলব্ধি হয়নি এবং তারা জাতির কাছে ক্ষমাও চায়নি।
তিনি বলেন, ষড়যন্ত্র করে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব নয়। জনগণই তাদের প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয় বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



