এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের লড়াইয়ে লিটন দাসের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার।
রোববার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে মালয়েশিয়া।
নিশিনে মালয়েশিয়ার বিপক্ষে ওমানের ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়।
এতে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং। এক পয়েন্ট পাওয়া ওমানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।
‘বি’ গ্রুপের রানার্সআপ হংকং কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে।
অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। এই গ্রুপে নেপাল ও জাপানের ম্যাচটিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে স্বাগতিক জাপানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।
‘এ’ গ্রুপের শীর্ষ দল নেপাল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। একই পর্বে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার বেলা ১১টায়। একই দিন সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সঙ্গে সিরিজও খেলেছে।



