পরীক্ষামূলক সংস্করণ

২০২৭ বিশ্বকাপই ভারতের হয়ে শেষ বিশ্বকাপ: কোহলি

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপে অপরাজিত সেঞ্চুরি দিয়ে যে যাত্রা শুরু করেছিলেন বিরাট কোহলি, দীর্ঘ দেড় দশক পর তার শেষের ইঙ্গিত দিয়েছেন ভারতের এই তারকা ব্যাটার।

ভারতের সংবাদমাধ্যম ‘জিওস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী কোহলি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে ভারতের হয়ে তার শেষ বিশ্বকাপ।

২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ২০২৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে শুধু ওয়ানডে ও আইপিএলে খেলছেন কোহলি। ক্যারিয়ারের শেষ প্রান্তে ফিটনেস ও মানসিক চাপের বিষয়টি তুলে ধরে তিনি জানান, ভিন্ন কন্ডিশনে ২০২৭ বিশ্বকাপ হবে শরীর ও মনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে ভারতের হয়ে শেষ বিশ্বকাপ হওয়ায় এটিই তার বড় অনুপ্রেরণা।

ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি ক্যারিয়ারে এখন পর্যন্ত চারটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০২৩ বিশ্বকাপে ৭৬৫ রান করে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন এই ব্যাটার। তবে সেবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে ভারত।

বিশ্বকাপকে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করে কোহলি বলেন, টানা প্রায় ১০ ম্যাচে একই মাত্রার তীব্রতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ।

এ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ৩৭ ম্যাচে ৫ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে ৫৯.৮৩ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন কোহলি। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকারের ২ হাজার ২৭৮ রানের রেকর্ড থেকে তিনি ৪৮৪ রান পিছিয়ে।

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে নিজের লক্ষ্যও স্পষ্ট করেছেন কোহলি। তার লক্ষ্য ২০২৭ বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতানো। এজন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি শুরু করছে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি, শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি এবং ২০২৭ সালের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত।

প্রধান খবর

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ২১৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি ২২৫ জনে দাঁড়িয়েছে।

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আসছে...