নাশকতার মামলায় আটক কৃষকলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে গিয়ে কুষ্টিয়ার মিরপুরে জামায়াতের এক নেতা, বিএনপির এক নেতা ও সমর্থকসহ আটজন আটক হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মিরপুর থানায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন-চিথিলয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মিফজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথিলয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতার মামলায় আটক করা হয়। পরে তাকে মিরপুর থানায় নেওয়া হয়।
হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথিলয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় আসেন। তারা হাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।
পুলিশের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা একইভাবে তদবির চালিয়ে যান। একপর্যায়ে পুলিশ তাদের আটক করে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও তারা নাশকতার মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য বারবার তদবির করছিলেন। একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।



