ভারতের পাঞ্জাবের জলন্ধরের ফাগওয়ারায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
বিক্ষোভের সময় এক শিক্ষার্থী ক্যাম্পাসে প্রদর্শিত ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর উঠে পড়েন। এ ছাড়া একাধিক শিক্ষার্থীকে ক্যাম্পাসে রাখা একটি সামরিক ট্যাংকের ওপরও দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে থাকা এক শিক্ষার্থীকে বাইরের এক ব্যক্তি ধর্ষণ করেন। অভিযোগের পর শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ চলাকালে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর করা হয়। কয়েকটি স্থাপনা ও বস্তুতে আগুন দেওয়ার পাশাপাশি কিছু দোকানেও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
পরে শিক্ষার্থীরা জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়ক অবরোধ করলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
জলন্ধর রেঞ্জের ডিআইজি নবীন সিংলা জানান, পুলিশ অভিযোগকারী শিক্ষার্থীর বক্তব্য নিয়েছে এবং অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্তে ফরেনসিক তথ্য, সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করা হবে।
তিনি আরও জানান, অভিযোগের তদন্তে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। ফাগওয়ারার পুলিশ সুপার মেজর সিং এই তদন্ত দলের নেতৃত্ব দেবেন।
পুলিশ জানিয়েছে, ছাত্রীনিবাসে শুধু নারী কর্মী রাখাসহ শিক্ষার্থীদের আরও কিছু দাবি রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিকা গুলাটি শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বিশ্বাস বা প্রচার না করে কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ধর্ষণের অভিযোগকে গুজব ও ভিত্তিহীন বলে দাবি করেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।



