রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলায় শাহরিয়ার এক নম্বর আসামি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড ও এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।
এর আগে শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। রাত পৌনে ২টার দিকে স্টুডিওটির ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, হামলায় পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।
পরে সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিক হতে পারেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জমিটি প্রায় ৩৫ কাঠার এবং দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এক পক্ষ নিউ গিনি প্রপার্টিজ ও অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। প্রাথমিক তথ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত কর্মকর্তার পক্ষের লোকজন রাতের অন্ধকারে জমিটি দখলের চেষ্টা করেছে।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে।



