ইরানের জলসীমা থেকে ‘শত্রু বাহিনীকে’ পিছু হটতে বাধ্য করা হয়েছে দাবি করে শিগগিরই আরব সাগর থেকেও তাদের বিতাড়নের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। ইরান-ইরাক যুদ্ধের স্মরণে ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ এবং প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এই বার্তা দেন।
খামেনি বলেন, ইরানের যোদ্ধা ও হরমুজ প্রণালির রক্ষকদের আঘাতের পর শত্রুপক্ষ আর আরব সাগরের সীমা ছাড়িয়ে এগিয়ে আসার সাহস পাচ্ছে না। তাদের উপস্থিতি খুব শিগগিরই আরব সাগর থেকেও সম্পূর্ণভাবে দূর করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে, ইরানকে ধ্বংস করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।
জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলামহোসেন দারজি জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্পের বক্তব্যকে গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন।
চিঠিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছেন বলে তেহরান মনে করছে। ইরানি প্রতিনিধি দাবি করেন, এসব বক্তব্যকে কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। ২৮ সেপ্টেম্বরের আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন তেহরানের সাত দিনের একটি রোডম্যাপ প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ রয়েছে।



