সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান দাবি করেন, নিউ গিনি প্রপার্টিজের জমি নিয়ে বিরোধের জেরেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দীনের সঙ্গে সাবেক কয়েকজন সামরিক কর্মকর্তার জমি নিয়ে বিরোধ রয়েছে। তাঁর দাবি, ওই বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে এবং এর সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
রাশেদ খান আরও দাবি করেন, সালমান মুক্তাদির নিজেই বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। তাঁর ভাষ্য, জমি পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়ে সাবেক কয়েকজন সামরিক কর্মকর্তা প্রক্রিয়াগত ও আইনগত ভুল করেছেন।
তিনি বলেন, বিরোধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের আশ্রয় নেওয়াই উপযুক্ত ছিল। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
রাশেদ খান জানান, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং অভিযান চলছে। তাঁর দাবি, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



