চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গয়েশপুর বিওপি এলাকার সীমান্তবর্তী কলুপাড়া গোয়ালদার পুকুরের দক্ষিণ পাড়ের একটি আমবাগান থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গয়েশপুর বিওপির হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিল। এ সময় আমবাগানে এক ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের দিকে পালিয়ে যান।
পরে বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো সবুজ পলিথিনের একটি ব্যাগ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



