চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি এলজি, সিসা কার্তুজ, রামদা ও ছোরাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা এলাকায় নির্মাণাধীন একটি মাদরাসার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন পূর্ব রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে রাতে বিশেষ টহল চলছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছেন জানতে পেরে মীর বাগিচা এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তপু মোস্তফা (১৯), আরিফ (২৫), আবছার ওরফে ছোট আবছার (২৪), মহসিন (২৫) ও জাহেদ (৩৫)সহ অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জন পালিয়ে যায়।
পরে গ্রেপ্তার তিনজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সিসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতি নিয়ে সমবেত হওয়া এবং অবৈধ অস্ত্রশস্ত্র হেফাজতে রাখার অভিযোগে রাউজান থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।



