অল ক্রাইমস. টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেসব ধর্মীয় নেতাদের সম্মান করে এবং জীবনের কঠিন সময়ে যাদের কাছ থেকে ভালো পরামর্শ আশা করে, আজকের এই অনুষ্ঠানে সেইসব মানুষই একত্রিত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে নারীদের জন্য পরিবার কার্ড চালু হয়েছে এবং আগামী পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু হবে। পাশাপাশি খাল খনন কর্মসূচিও শুরু করা হবে।
প্রধানমন্ত্রী জানান, খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে চার হাজার নয়শ আটটি মসজিদ, নয়শ নব্বইটি মন্দির ও একশ চুয়াল্লিশটি বৌদ্ধ বিহারের মোট ষোলো হাজার নয়শ বিরানব্বই জন এই সম্মানী পাচ্ছেন। পর্যায়ক্রমে সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ইমাম ও ধর্মীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, উপাসনালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি কেউ যদি সামাজিক বা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে চান, সরকার সেক্ষেত্রেও সহযোগিতা করবে। এছাড়া প্রতিটি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে একজন ধর্মীয় প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।



