পরীক্ষামূলক সংস্করণ

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনের সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনকালে প্রসিকিউশনের পক্ষ থেকে এ সাজা দাবি করা হয়। চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে মামলার শুনানি হয়। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

গাজী এমএইচ তামিম বলেন, হানিফসহ চার আসামির বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছিল। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে অতিরিক্ত তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে চার আসামিরই সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে।

প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবউল আলম হানিফ জুলাই গণ-অভ্যুত্থান দমনে সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন এবং অধীনস্তদের মাধ্যমে তা বাস্তবায়নে ভূমিকা রাখেন।

প্রসিকিউটর তামিম আরও দাবি করেন, হানিফ বিভিন্ন বৈঠকে উপস্থিত থেকে আন্দোলন দমনের সিদ্ধান্তে সমর্থন দেন। পাশাপাশি টেলিফোনে কুষ্টিয়ার পুলিশ সুপার, জেলা ও উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কথোপকথনের তথ্যপ্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও বাহাউদ্দীন নাছিমকে একই ধরনের অপরাধে ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা দিয়েছেন। একই অবস্থানে থাকার কারণে হানিফের ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে প্রসিকিউশন।

মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই বর্তমানে পলাতক।

এর আগে গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-২। গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মাধ্যমে মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে প্রসিকিউশন অতিরিক্ত প্রমাণাদি দাখিল করায় পুনরায় যুক্তিতর্কের সুযোগ দেওয়া হয়।

গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। মামলায় তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

প্রধান খবর

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

ডলারের দাম বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। তবে দুর্বল মার্কিন অর্থনৈতিক তথ্য ও ফেডের সুদের হার নিয়ে অনিশ্চয়তায় দরপতন সীমিত ছিল।

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০.৫ ডিগ্রিতে

আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন ২০.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাতভর বৃষ্টি, কুয়াশা ও হিমেল বাতাসে উত্তরাঞ্চলে শীতের আমেজ তৈরি হয়েছে।

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি: প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ, টেকসই ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পিত নগরায়ণ, বিকেন্দ্রীভূত উন্নয়ন ও পরিবেশবান্ধব আবাসন গড়তে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান।

আসছে...