পরীক্ষামূলক সংস্করণ

মেসির বিদায়ের পরও যে রেকর্ডগুলো ভাঙা প্রায় অসম্ভব

ফুটবলে রেকর্ড গড়া ও ভাঙা নিয়মিত ঘটনা। তবে কিছু কীর্তি এমন, যেগুলো পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। লিওনেল মেসির ক্যারিয়ারে এমন রেকর্ডের সংখ্যাও কম নয়।

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে মেসির এসব কীর্তিই তুলে ধরে, কেন তিনি শুধু একজন ফুটবলার নন, বরং একটি যুগের নাম। দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতানো মেসি বিশ্বকাপ, গোল, ম্যাচ ও ব্যক্তিগত অর্জন—প্রায় সব ক্ষেত্রেই রেখে গেছেন নিজের ছাপ।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ দিয়ে শুরু। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬—টানা ছয়টি বিশ্বকাপ আসরে খেলেছেন মেসি। ছয় বিশ্বকাপ মিলিয়ে ৩৪ ম্যাচে মাঠে ছিলেন তিনি।

বিশ্বকাপের মূল পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন এককভাবে মেসির দখলে। দীর্ঘ সময় ধরে ছয়টি বিশ্বকাপে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

আর্জেন্টিনার হয়ে গোলের রেকর্ড

আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে মেসির গোল ১২৫টি। দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তার পরেই রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা, যার গোল ৫৪টি।

অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার চেয়ে মেসির গোলের ব্যবধানই বিশাল। জাতীয় দলের হয়ে ২১ বছর ধরে ধারাবাহিকতা ধরে রেখে এই রেকর্ড গড়া সহজে ভাঙার মতো নয়।

এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল

২০১২ সালে ফুটবল বিশ্বকে অবাক করে দেন মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত এই কীর্তির মাধ্যমে তিনি গার্ড মুলারের ৮৫ গোলের রেকর্ড ভেঙেছিলেন।

এক বছরে ৯১ গোলের এই অবিশ্বাস্য কীর্তি এখনো মেসির অন্যতম আলোচিত রেকর্ড। তার পরও কেউ এই সংখ্যার কাছাকাছি যেতে পারেননি।

বার্সেলোনায় গোল ও শিরোপার রেকর্ড

বার্সেলোনার হয়ে ৭৯৮ ম্যাচে মেসি করেছেন ৬৭২টি অফিসিয়াল গোল। ক্লাবটির ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলদাতা।

বার্সেলোনার হয়ে মেসি জিতেছেন ৩৫টি শিরোপা। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ। একটি ক্লাবের হয়ে এত ম্যাচ, গোল ও ট্রফির সমন্বয় আধুনিক ফুটবলে অত্যন্ত বিরল।

মেসির বিদায় তাই শুধু আর্জেন্টিনা জাতীয় দলের একটি অধ্যায়ের সমাপ্তি নয়। তার রেখে যাওয়া রেকর্ডগুলোও হয়ে থাকবে ফুটবলের ইতিহাসে একেকটি কঠিন মাপকাঠি। এসব রেকর্ডে পৌঁছাতে আগামী প্রজন্মের খেলোয়াড়দের হয়তো অপেক্ষা করতে হবে আরও বহু বছর।

প্রধান খবর

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না বলে মন্তব্য করেছেন আইজিপি আলী হোসেন ফকির। একই অনুষ্ঠানে ব্যাংকিং খাতের নৈতিকতা ও পুলিশের জবাবদিহি নিয়েও কথা বলেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৩৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে; একজন আসামি খালাস পেয়েছেন।

আসছে...