দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। আলোচিত আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় জামিন পাওয়ার পর মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাগারের মূল ফটকে বের হওয়ার পর স্বজন ও সমর্থকেরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
নুরুল আমিন টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি।
মুক্তির পর নুরুল আমিন বলেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় তাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আসামি করে দীর্ঘ সময় ধরে নির্যাতন করা হয়েছে। ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, জেল কোডের ৫৬৯ ধারার বিধান অনুযায়ী ২২ বছর কারাভোগের পর নুরুল আমিনের মুক্তির আবেদন করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সার্বিক যাচাই-বাছাই শেষে তার মুক্তির বিষয়টি অনুমোদন করে।
এর আগে নুরুল আমিনের মুক্তির দাবিতে টঙ্গীতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেন।



