পরীক্ষামূলক সংস্করণ

দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি করেন।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাউশির একজন উপ-সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা বাদ দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে সরকার পরিবর্তনের পর লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

আইনজীবী জানান, গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। একই দিনে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সংশোধিত প্রজ্ঞাপনে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা এবং প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার কথা জানানো হয়।

রিটকারীর আইনজীবীর দাবি, স্কুল পর্যায়ে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে শিক্ষাবিদদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়তে পারে এবং ছোট শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

জাহিদ তালুকদার আরও দাবি করেন, ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও অংশীজনদের মতামত বিবেচনা করা হয়নি। তার মতে, এ পদ্ধতি চালু হলে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুরা কোচিং ও প্রাইভেট পড়ার সুযোগের অভাবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে।

এ ছাড়া ভর্তি পরীক্ষা চালুর ফলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্য বাড়ার আশঙ্কার কথাও রিটকারীর পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। এসব কারণ দেখিয়ে দেশের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল চাওয়া হয়েছে।

রিটকারীর আইনজীবী জানান, রিট আবেদনটির ওপর আগামী সপ্তাহে বিচারপতি এস এম মনিরুজ্জামান ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

প্রধান খবর

শাপলা চত্বর মামলা: হাসিনাসহ ৪১ আসামির শুনানি ১ নভেম্বর

শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ১ নভেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

আসছে...