টাঙ্গাইলের মধুপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মো. আরিফ ও মো. রুবেল নামে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং আয়নালের ছেলে মো. রুবেল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গভীর রাতে নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি পুকুরপাড়ে পৌঁছালে আরিফ ও রুবেল ওই নারীর পথরোধ করেন।
একপর্যায়ে তর্কবিতর্কের পর ভুক্তভোগীকে পাশের একটি কাচারি ঘরের বারান্দার খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরে দুই আসামি পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
পরদিন সকালে ভুক্তভোগী মধুপুর থানায় গিয়ে দুইজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলার সাক্ষ্যপ্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত আরিফ ও রুবেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ৩ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।



