বরিশাল নগরের ব্যস্ততম চৌমাথা এলাকায় সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে অনুমোদনহীন ২৫টি ফলের স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) লোগো থাকলেও এসব স্টল বসানোর কোনো অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছে সিটি করপোরেশন।
বৃহস্পতিবার চৌমাথা সিটি মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, মার্কেটের পশ্চিম ও উত্তর পাশে সারি করে ২৫টি বক্স স্টল বসানো হয়েছে। এর কোনোটি সড়কের ওপর, আবার কোনোটি ফুটপাত ও ড্রেনের জায়গা দখল করে স্থাপন করা হয়েছে।
স্টলগুলোর গায়ে বিসিসির লোগো লাগানো থাকায় প্রথম দেখায় এগুলো সিটি করপোরেশনের অনুমোদিত দোকান বলে মনে হতে পারে। তবে বিসিসির হাটবাজার শাখার তত্ত্বাবধায়ক রেজাউল করিম বলেন, এসব দোকান বসানোর কোনো অনুমোদন করপোরেশন দেয়নি।
দোকান বসানোর নেতৃত্বে থাকা ফল বিক্রেতা মো. জলিল হাওলাদার বলেন, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক রায়হান কাওসারের সময়ে এসব বক্স দোকান তৈরি করা হয়েছিল। তখন তাদের সেখানে বসতে দেওয়া হয়নি। পরে বৃহস্পতিবার তারা নিজেরাই দোকানগুলো এনে মার্কেটের সামনে বসিয়েছেন।
এ সময় দোকানগুলো বসানোর জন্য সিটি করপোরেশনের অনুমোদন না থাকার বিষয়টিও স্বীকার করেন মো. জলিল হাওলাদার।
অন্যদিকে, চৌমাথার স্থায়ী ব্যবসায়ীদের কয়েকজন অভিযোগ করেন, সিটি করপোরেশনকে ২০ থেকে ৩০ লাখ টাকা দিয়ে তারা বৈধভাবে স্টল বরাদ্দ নিয়েছেন। অথচ এখন তাদের দোকানের সামনেই অনুমোদনহীন এসব নতুন স্টল বসানো হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, এতে ক্রেতাদের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে তাদের নিজস্ব ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লকিতুল্লাহ সিকদার বলেন, মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানোর খবর তারা পেয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযান পরিচালনাকারী দল পাঠানো হচ্ছে।
তিনি বলেন, অবৈধভাবে বসানো এসব স্টল দ্রুত উচ্ছেদ করা হবে।



