যশোরের কেশবপুর উপজেলায় একটি ধানখেত থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজনের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেত থেকে মরদেহ দুটি হেফাজতে নেয় কেশবপুর থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ধানখেতে নারী ও পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি হেফাজতে নেয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা ছিল। নারীর পরনে ছিল ম্যাক্সি। তাঁদের পরিচয় শনাক্ত করতে পারেননি স্থানীয় বাসিন্দারা।
ওসি আরও জানান, যশোর থেকে পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ পর্যায়ে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।



